রামুর স্কুল পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

রামু প্রতিনিধিঃ
কক্সবাজারের রামু উপজেলার পূর্ব মোহাম্মাদপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ
শনিবার ( ৯ মে ) বেলা ১২টায় তিনি বিদ্যালয়টি পরিদর্শনে যান।
এসময় তাঁর সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন রামু উপজেলা ভূমি অফিসার স্বরূপ মহুরীও।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং পাঠদান কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি শিক্ষার্থীদের উপস্থিতি, শ্রেণিকক্ষের পরিবেশ, শিক্ষা উপকরণের ব্যবহার, শিক্ষকদের পাঠদানের পদ্ধতি ও বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামোগত অবস্থা, শিক্ষার্থীদের বসার ব্যবস্থা, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা বিষয়েও গুরুত্বারোপ করেন।
এসময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে জানতে চান। শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়া করার পরামর্শ দেন এবং ভবিষ্যতে দেশের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, প্রাথমিক শিক্ষা একটি শিশুর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। তাই শিক্ষার্থীদের আনন্দমুখর পরিবেশে পাঠদান নিশ্চিত করতে হবে।
পরিদর্শনের একপর্যায়ে প্রতিমন্ত্রী শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। তারা বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও সম্ভাবনার কথা তুলে ধরেন। প্রতিমন্ত্রী এসব বিষয় গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। শিশুদের ঝরে পড়া রোধ, প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার এবং বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়নে ধারাবাহিক কার্যক্রম চলমান রয়েছে। এসময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান।