লামায় ইউনিয়ন পর্যায়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

লামা ( বান্দরবান ) প্রতিনিধিঃ
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের হাসনা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ এর ইউনিয়ন পর্যায়ের ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বুধবার (২০ মে) সকাল ৯টা থেকে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে সরই ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। “সরই ইউনিয়ন প্রাথমিক শিক্ষক পরিবার” এর ব্যানারে প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কাজী আশরাফ মাহমুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরই ইউনিয়ন পরিষদের প্রশাসক ও লামা উপজেলা সহকারী তথ্য অফিসার রাশেদুল হক রাশেল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আহমদ আলী ও জয়নাল আবেদীন জানু।
দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা ক্রীড়া, সাংস্কৃতিক পরিবেশনা, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও পদক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এদিকে, ইউপি সদস্য জয়নাল আবেদীন জানু এর অর্থায়নে প্রায় আটশত শিক্ষার্থী ও অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।