লামায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সংকট, কোয়ার্টার ও ডরমিটরি নির্মাণের দাবি

লামা ( বান্দরবান ) প্রতিনিধিঃ
বান্দরবানের সর্ববৃহৎ উপজেলা লামায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সংকট দিন দিন প্রকট আকার ধারণ করছে। সরকারি আবাসন সুবিধার অভাবে অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীকে ভাড়া বাসায় থেকে দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে একদিকে যেমন তাদের আর্থিক ব্যয় বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে সরকারি সেবার কার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
জানা যায়, ১৯৭০ সালে থানা এবং ১৯৮৩ সালে উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত হওয়া লামা বর্তমানে জেলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা। এখানে একটি পৌরসভা, সাতটি ইউনিয়ন ও একটি উপজেলা পরিষদসহ বিভিন্ন সরকারি দপ্তরে প্রায় ১ হাজার ৩২৬ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। তবে এত বিপুল সংখ্যক জনবলের জন্য পর্যাপ্ত সরকারি আবাসনের ব্যবস্থা নেই।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা আবাসিক গেজেটেড কোয়ার্টার ও ডরমিটরি নির্মাণের দাবি জানিয়ে আসলেও এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে অনেককে কর্মস্থল থেকে দূরে বাসা ভাড়া নিয়ে থাকতে হচ্ছে। বিশেষ করে নারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য নিরাপদ আবাসনের অভাব বড় ধরনের সমস্যার সৃষ্টি করেছে।
সংশ্লিষ্টরা জানান, আবাসন সংকটের কারণে অনেক কর্মকর্তা পরিবার থেকে বিচ্ছিন্ন অবস্থায় দায়িত্ব পালন করছেন। এতে মানসিক চাপের পাশাপাশি কর্মদক্ষতার ওপরও প্রভাব পড়ছে। দুর্গম ও পাহাড়ি এই উপজেলায় কর্মরতদের জন্য সরকারি আবাসন ব্যবস্থা নিশ্চিত করা সময়ের দাবি বলে মনে করছেন তারা।
উপজেলা প্রশাসনের একটি সূত্র জানায়, আবাসিক গেজেটেড কোয়ার্টার ও ডরমিটরি নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় প্রস্তাব ও চাহিদাপত্র পাঠানো হয়েছে। বিষয়টি অনুমোদন পেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের আবাসন সংকট অনেকাংশে দূর হবে।
এদিকে স্থানীয় সচেতন মহলও দ্রুত আবাসন সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তাদের মতে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মানসম্মত আবাসনের ব্যবস্থা করা গেলে জনসেবার মান আরও উন্নত হবে এবং প্রশাসনিক কার্যক্রম গতিশীল হবে।
সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপে লামায় আবাসিক গেজেটেড কোয়ার্টার ও ডরমিটরি নির্মাণের উদ্যোগ বাস্তবায়নের দাবি জানিয়েছেন ভুক্তভোগী কর্মকর্তা-কর্মচারীরা।