সাজেকে বৈসাবি উৎসবে সেনাবাহিনীর আর্থিক সহায়তা

এম মহাসিন মিয়া, খাগড়াছড়ি
রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের সাজেক এলাকায় বৈসাবি (বিজু) উৎসব উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান করেছে, সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট সেনা জোন।
শনিবার (১১ এপ্রিল- ২০২৬) ত্রিপুরা ইয়ুথ ক্লাবের উদ্যোগে আয়োজিত এ উৎসবকে ঘিরে ক্লাবের সভাপতি খুশিরাম ত্রিপুরা ও সহ-সাংগঠনিক সম্পাদক মতিরঞ্জন ত্রিপুরার নিকট আনুষ্ঠানিকভাবে এ সহায়তা হস্তান্তর করা হয়।
প্রতি বছর পার্বত্য অঞ্চলের বিভিন্ন জাতিগোষ্ঠীর অন্যতম প্রধান উৎসব বৈসাবি আনন্দ-উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়। দুর্গম পাহাড়ি এলাকায় এ ধরনের আয়োজন সফল করতে স্থানীয় সংগঠনগুলোর জন্য সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই ধারাবাহিকতায় বাঘাইহাট সেনা জোনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।
ত্রিপুরা ইয়ুথ ক্লাবের সভাপতি খুশিরাম ত্রিপুরা সেনাবাহিনীর এ সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের সহযোগিতা উৎসবকে আরও প্রাণবন্ত ও সুশৃঙ্খলভাবে আয়োজন করতে সহায়তা করে।
এ সময় বাঘাইহাট সেনা জোনের সেনা কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।