বৃহস্পতিবার, মে ২১, ২০২৬

চকরিয়ায় চেকপোস্ট দেখে পালাতে গিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত, সড়কে ইয়াবার ছড়াছড়ি

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের চকরিয়ায় ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের’
অস্থায়ী তল্লাশী চৌকি দেখে পালাতে গিয়ে ট্রাকের সাথে ধাক্কা লেগে এক মাদকের চালান বহনকারি মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে; পরে ঘটনাস্থলের সড়ক ও আশপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়া ৩০ হাজারের বেশী ইয়াবা উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এসময় দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটির আরও এক আরোহী আহত অবস্থায় পালিয়ে গেছে।
বৃহস্পতিবার (২১ মে) বেলা ১২ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নতুন মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এটিএসআই মো. আনিছুর রহমান।
নিহত নুর হোসেন মনু (২৮) কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কুতুবদিয়া পাড়ার নুরুল ইসলামের ছেলে।
ঘটনায় পলাতক জালাল আহমদ একই এলাকার জহির আহমদের ছেলে।
স্থানীয়দের বরাতে এটিএসআই আনিছুর রহমান বলেন, সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার খুটাখালী ইউনিয়নের নতুন মসজিদ এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশী কার্যক্রম চালাচ্ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। বেলা ১২ টার দিকে কক্সবাজার দিক থেকে আসা একটি মোটর সাইকেল সেখানে পৌঁছালে আরোহীরা চেকপোস্টটি দেখতে পায়। এসময় মোটরসাইকেলটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টাকালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গেলে দুই আরোহী আহত হয়। এসময় তাদের সঙ্গে বহন করা বিপুল পরিমান ইয়াবা সড়ক ও আশপাশে ছড়িয়ে পড়ে।
“ পরে আহত অবস্থায় এক মোটরসাইকেল আরোহী পালিয়ে গেলেও অপরজনকে স্থানীয়রা উদ্ধার করে পার্শ্ববর্তী মালুমঘাট খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হসপিটালে নিয়ে যায়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। “
হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, “ খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পরিদর্শন করে দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করেছে। দুর্ঘটনার পরপরই ট্রাকটির চালক ও সহকারি পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় ইয়াবাগুলো স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়। কুড়িয়ে আহরণ করা ইয়াবাগুলো একত্রে করে গণনা করা হয়েছে। এতে পরিমান দাঁড়ায় ৩০ হাজার ৫০ টি। “
দুর্ঘটনার পর আহত অবস্থায় পালিয়ে যাওয়া মোটরসাইকেল আরোহীর সন্ধানে পুলিশ খোঁজ খবর নেয়া অব্যাহত রেখেছে বলে জানান, আনিছুর রহমান।
তিনি জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ঘটনায় নিহত ব্যক্তির মৃতদেহ হস্তান্তরে ব্যবস্থা নেয়া হবে।
ইয়াবা উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট আইনে চকরিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান, এটিএসআই মো. আনিছুর রহমান।

সর্বাধিক পঠিত