খুরুশকুলে তুচ্ছ ঘটনার জেরে ছুরিকাঘাতে জাহাঙ্গীর খুন

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার সদরের খুরুশকুলে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে কক্সবাজার সদর উপজেলার তেতৈয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
নিহত জাহাঙ্গীর আলম (৪৫) একই এলাকার মো. কালু মিয়ার ছেলে।
অভিযুক্ত আরিফ উল্লাহ একই এলাকার মোহাম্মদ হোছাইনের ছেলে।
নিহতের স্বজনদের বরাতে শেখ মোহাম্মদ আলী বলেন, বেলা সাড়ে ১১ টার দিকে জাহাঙ্গীর আলমের ছোট এক ভাই স্থানীয় দোকানদার আরিফ উল্লাহ’র দোকানে সিগারেট কিনতে যায়। এসময় তার সঙ্গে আরিফের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। পরে বিষয়টি তিনি বাড়ীতে গিয়ে বড় ভাই জাহাঙ্গীরকে অবহিত করে।
ঘটনাটি শোনার পর জাহাঙ্গীর বাড়ী থেকে বের হয়ে আরিফের দোকানে যান। এসময় আরিফের কাছে ছোট ভাইকে গালমন্দ করার কারণ জানতে চাইলে জাহাঙ্গীরের উপর ক্ষিপ্ত হয়ে উঠে। এতে তারা তর্কাতর্কিতে জড়িয়ে পড়ার এক পর্যায়ে হাতাহাতি লিপ্ত হয়। এসময় আরিফ দোকান থেকে ছোরা বের জাহাঙ্গীরকে উপর্যুপুরি কয়েকটি আঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা জাহাঙ্গীরকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
শেখ মোহাম্মদ আলী জানান, ঘটনাটি শোনার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়রা দুই নারীকে ধরে পুলিশের হাতে সোপর্দ করেছে। খুনের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান তিনি।