চকরিয়ায় ৬ কিশোর ও যুবককে জিন্মি রেখে মুক্তিপণ দাবি দুর্বৃত্তদের

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের চকরিয়ায় স্কুলছাত্র সহ ছয়জনকে মালয়েশিয়া নিয়ে যাবার প্রলোভন দেখিয়ে বাড়ী থেকে বের করে জিন্মি রেখে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা; এ ঘটনায় স্বজনরা থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ ঘটনায় সোমবার রাতে ভুক্তভোগী এক কিশোরের বাবা বাদী হয়ে চকরিয়া থানায় অভিযোগ দায়ের করেন বলে জানান, ওসি মো. মনির হোসেন।
ভুক্তভোগীরা হল- চকরিয়া উপজেলার কাকরা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র শাহারিয়ার কবির সোহাগ (১৪), মোহাম্মদ শহীদ হোসেন (১৪), মোহাম্মদ মাহিম (১৩) ও ইসাদুল হোছাইন হামিম (১৫)। তারা চকরিয়ার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
এছাড়া জিন্মি থাকা অপর দুইজন হল- নুরুল আমিন মনু (২৭) ও মো. সিফাত (২১)। তারা পার্শ্ববর্তী বমু বিলছড়ি ইউনিয়নের বাসিন্দা।
অভিযোগের বরাতে মনির হোসেন বলেন, সোমবার সকালে এই ৬ কিশোর ও যুবককে অল্প টাকায় মালয়েশিয়া নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ী থেকে কৌশলে বের করে দুর্বৃত্তরা। পরে তাদের অজ্ঞাত নিয়ে গিয়ে জিন্মি রাখা হয়। এক পর্যায়ে জিন্মিদের ছেড়ে দিতে স্বজনদের কাছে মোবাইল ফোনে কল দিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা।
সোমবার রাতে এ ঘটনায় ভুক্তভোগী শাহারিয়ার কবির সোহাগের বাবা বাদী হয়ে বান্দরবানের আলীকদম উপজেলার ৪ জন ব্যক্তির ঘটনায় জড়িত থাকার অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী ৬ কিশোর ও যুবক এখনো দুর্বৃত্তদের কাছে জিন্মি রয়েছে বলে জানান ওসি।
মনির হোসেন জানান, ঘটনার তদন্তের পাশাপাশি জিন্মিদের উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।