
চিটাগং ট্রিবিউন ডেস্ক
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইরানের পর ইসরায়েল তুরস্ককে নতুন প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করতে পারে, কারণ শত্রু ছাড়া দেশটি টিকে থাকতে পারবে না। আঙ্কারায় আন্তর্জাতিক বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি আয়োজিত এডিটর’স ডেস্ক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে তিনি বেশ কয়েকটি আঞ্চলিক সংঘাতপূর্ণ বিষয়ে তুরস্কের অবস্থানও তুলে ধরেছেন।
হাকান ফিদান বলেন, বিশ্বের গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলো সুরক্ষিত করার সামরিক পন্থা অত্যন্ত জটিল হবে এবং এই মুহুর্তে গুরুত্বপূর্ণ জ্বালানি সংকটস্থল হরমুজ প্রণালির মধ্য দিয়ে নিরবচ্ছিন্ন সামুদ্রিক বাণিজ্য নিশ্চিত করতে কূটনৈতিক পন্থা অবলম্বন করা জরুরি।
উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক নৌপথ খোলা রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছেন ফিদান। তিনি বলেন, সারা বিশ্ব চায় আন্তর্জাতিক চলাচল যেন অবাধ থাকে এবং বাধাগ্রস্ত না হয়।তিনি সতর্ক করে বলেন, বলপ্রয়োগের মাধ্যমে এই জলপথে স্থিতিশীলতা আনা সম্ভব নয়। আমাদের অবস্থান হলো শান্তির মাধ্যমে এটি পুনরায় চালু করা। একটি আন্তর্জাতিক সশস্ত্র শান্তি বাহিনী নিয়ে এখানে হস্তক্ষেপ করার ক্ষেত্রে অনেক অসুবিধা রয়েছে।
