বৃহস্পতিবার, মে ৭, ২০২৬

প্রেমের শুরু জেলখানায়, দুই কয়েদির আজ বিয়ে

ভারতের রাজস্থানে জেলবন্দি অবস্থায় শুরু হওয়া এক চাঞ্চল্যকর প্রেমের গল্প আজ পরিণয়ে রূপ নিতে যাচ্ছে।

আদালতের বিশেষ অনুমতিতে শুক্রবার (২৩ জানুয়ারি) আলওয়ার জেলার বারোদামেভ এলাকায় বিয়ের পিঁড়িতে বসছেন হত্যামামলায় দণ্ডপ্রাপ্ত দুই আসামি প্রিয়া শেঠ ওরফে নেহা শেঠ এবং হনুমান প্রসাদ।

রাজস্থান হাইকোর্ট এই যুগলকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য ১৫ দিনের জরুরি প্যারোল মঞ্জুর করেছে। প্রায় ছয় মাস আগে জয়পুরের সাঙ্গানের ওপেন জেলে বন্দি থাকাকালে তাদের পরিচয় হয় এবং সেই পরিচয়ই পরবর্তী সময়ে প্রণয়ে রূপ নেয়।

বিয়ের এই খবরে ভারতজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে কারণ এই দম্পতির দুজনের অতীতই অত্যন্ত ভয়াবহ। কনে প্রিয়া শেঠ ২০১৮ সালে টিন্ডারের মাধ্যমে দুষ্যন্ত শর্মা নামের এক যুবককে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ এবং মুক্তিপণ না পেয়ে নির্মমভাবে হত্যার দায়ে দণ্ডিত।

অন্যদিকে বর হনুমান প্রসাদ ২০১৭ সালে তার তৎকালীন প্রেমিকার প্ররোচনায় তার স্বামীসহ চার শিশুসন্তানকে হত্যার মতো জঘন্য অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন। এমন অপরাধী দুজন জেলখানায় কীভাবে প্রেমের সম্পর্কে জড়ালেন এবং শেষ পর্যন্ত আইনি অনুমতি নিয়ে বিয়ে করছেন, তা নিয়ে জনমনে কৌতূহল ও বিস্ময় তৈরি হয়েছে।

আদালত তাদের মানবিক দিক বিবেচনায় প্যারোল দিলেও সাফ জানিয়ে দিয়েছে যে ১৫ দিনের মেয়াদ শেষ হওয়ামাত্রই তাদের আবারও নিজেদের সেলে ফিরে আসতে হবে। অপরাধের অন্ধকার জগৎ থেকে শুরু হওয়া এই বৈবাহিক সম্পর্ক শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটিই দেখার বিষয়।

সূত্র: এনডিটিভি

সর্বাধিক পঠিত