Monday, June 22, 2026

যুবদল নেতা মাসুদ হত্যার আসামি আইয়ুব বাঘাইছড়িতে গ্রেপ্তার

রাউজান ( চট্টগ্রাম ) প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাউজানে আলোচিত যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. আইয়ুবকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি এলাকা থেকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭।
রোববার (২১ জুন) ভোরে গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় আইয়ুবের অবস্থান শনাক্ত করে র‍্যাব-৭ এর একটি বিশেষ দল বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দুরছড়ি বাজার এলাকার হাজীপাড়ায় অভিযান চালায়। পরে একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।
র‍্যাব ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ডের পর আইয়ুব আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
এর আগে চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজার এলাকায় প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদকে হত্যার ঘটনায় দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় আইয়ুবকে অন্যতম আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
আটকের পর আইয়ুবকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত