বুধবার, মে ৬, ২০২৬

সুযোগ থাকলে বিসিবি সভাপতি হতে চান তামিম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সর্বশেষ বিসিবি নির্বাচনে সভাপতি পদে লড়াইয়ের কথা ছিল তার। তবে শেষ পর্যন্ত সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। সম্প্রতি আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এই ক্রিকেটার।

Advertisement

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে তিনি জানান, সুযোগ পেলে দেশের ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্ব নিতে চান। সবশেষ বিসিবি নির্বাচনের শেষ সময়ে নিজেকে সরিয়ে নিলেও সেই ইচ্ছা এখনো আছে তামিমের। বিসিবি সভাপতি হতে চান কিনা, পডকাস্টে এমন প্রশ্নের মুখে তামিম জানান, সুযোগ থাকলে অবশ্যই হবেন।

নিজেকে এই দায়িত্বের জন্য যোগ্য মনে করেন বলেও জানান তিনি। তামিম বলেন, ‘আমি মনে করি আছে (যোগ্যতা)। অবশ্যই মনে করি। আমার সামর্থ্য একজন সংগঠক হিসেবে। অভিজ্ঞতা, বয়স এগুলো সবকিছুর ওপরে ইনটেনশন সবচেয়ে জরুরি ব্যাপার।

 

 

সবচেয়ে অভিজ্ঞ লোকজনও বিসিবি চালিয়েছে। ২০ বছর ধরে বিসিবিতে ছিল, বিসিবি কি খুব ভালো করছে? এতদিন তো করলেন বিশ্বাস অভিজ্ঞদের উপর, একবার বিশ্বাস করেন আমার অনভিজ্ঞদের ওপর।’

উল্লেখ্য, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন এই দেশসেরা ওপেনার। পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে আবার জাতীয় দলে ফিরে একটি ওয়ানডে ম্যাচও খেলেন তিনি। কিন্তু নানা জটিলতার কারণে শেষ পর্যন্ত আর বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার। এর পর থেকে তামিমকে আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি।

সর্বাধিক পঠিত