শনিবার, মে ৯, ২০২৬

কাসেম সোলাইমানির পরিবারকে গ্রেপ্তার করল মার্কিন কর্তৃপক্ষ

চিটাগং ট্রিবিউন ডেস্ক 
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রয়াত জেনারেল কাসেম সোলাইমানির পরিবারকে শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ আইস। এর আগে যুক্তরাষ্ট্রে তাদের আইনগতভাবে স্থায়ী বসবাসের মর্যাদা বাতিল করা হয়। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর সোলাইমানির ভাতিজি ও নাতনি-ভাতিজির ওপর এই খড়গ নেমে এলো। খবর সিবিএস নিউজের।
মার্কিন পররাষ্ট্র দপ্তর শনিবার এক বিবৃতিতে জানায়, হামিদেহ সোলাইমানি আফশার এবং তার মেয়ে বর্তমানে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইস) হেফাজতে রয়েছেন। এতে বলা হয়, সোলাইমানি আফশার ইরানি সরকারের হয়ে প্রচারণা ছড়িয়েছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর হামলাকে উদযাপন করেছেন এবং আমেরিকাকে ‘বড় শয়তান’ বলে আখ্যায়িত করেছেন—আর এসব কিছু করেছেন ‘লস অ্যাঞ্জেলেসে বিলাসবহুল জীবনযাপন’ উপভোগের মধ্যেই।
‘গণমাধ্যমের প্রতিবেদন এবং তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্য অনুযায়ী, সোলাইমানি আফশার ইরানের স্বৈরাচারী, সন্ত্রাসবাদী শাসনের একজন সরব সমর্থক’, বলে বিবৃতিতে জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
এদিকে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোলাইমানি আফশারের ২০১৯ সালের আশ্রয় আবেদনটি ‘প্রতারণামূলক’ ছিল। তারা উল্লেখ করে, গ্রিন কার্ড পাওয়ার পর তিনি অন্তত চারবার ইরানে ফিরে গিয়েছিলেন। বিবৃতিতে আরও বলা হয়, তার স্বামীকেও যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষিদ্ধ করা হয়েছে। এখন সরকার তাদের গ্রিন কার্ড বাতিল করে শেষ পর্যন্ত দেশ থেকে বহিষ্কার করার প্রক্রিয়া শুরু করেছে।

সর্বাধিক পঠিত