নাসিরনগরে চাচার হামলায় ভাতিজি নিহত

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর মধ্যপাড়া গ্রামে চাচা কুদ্দুছ মিয়া ও তার মেয়েদের সঙ্গে কথা-কাটাকাটির জেরে ভাতিজি জাহানারা (৪৭) নিহত হয়েছেন।
রোববার (১০ মে) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জাহানারা ওই গ্রামের ইলিয়াস মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে জাহানারার সঙ্গে তার চাচা কুদ্দুছ মিয়া ও কুদ্দুছের মেয়েদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধের জেরে জাহানারার ওপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার পর অভিযুক্ত কুদ্দুছ মিয়া পলাতক রয়েছেন। তার মেয়েদের সংশ্লিষ্টতাও খতিয়ে দেখছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।