কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে দেশি-বিদেশি মুদ্রা ও বিভিন্ন নথিপত্র সহ আটক ১

ভ্রাম্যমান প্রতিনিধিঃ
কক্সবাজারের লিংক রোড এলাকা থেকে মো. তোহা নামের এক রোহিঙ্গাকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পরে রোহিঙ্গা ক্যাম্পে তার বসতিতে তল্লাশী চালিয়ে জব্দ করা হয়েছে দেশি-বিদেশি মুদ্রা, এনআইডি, পাসপোর্ট, জাতীয় সনদপত্র, ব্যাংকের বইসহ আরও নানা কাগজপত্র। এছাড়াও তার কাছে রয়েছে চট্টগ্রামে নিজস্ব বাড়ি।
শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন উখিয়াস্থ ১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন।
আটক মো. তোহা, উখিয়ার লম্বাশিয়া ক্যাম্প-১ ইস্ট, ডি-৫ ব্লকের আহমদ হোসেনের ছেলে। তার এফসিএন নং: ১৫৫৫৪৬।
এক বার্তায় এপিবিএন জানায়, উখিয়ার লাম্বাশিয়া ক্যাম্প-১ ইস্টের ডি-৫ ব্লকের বাসিন্দা মোঃ তোহাকে এপিবিএন হেডকোয়ার্টার হতে প্রেরিত গোপনীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কক্সবাজারের লিংক রোড এলাকা থেকে আটক করা হয়। পরে তাকে ক্যাম্পের নিজ শেল্টারে নিয়ে যাওয়া হয়। এরপর হেড মাঝির উপস্থিতিতে তার শেল্টার তল্লাশি করা হয়। তল্লাশীকালে তার শেল্টার থেকে ৫৩ হাজার বাংলা টাকা, সৌদি ৩ হাজার ২৫০ রিয়াল, মালয়েশিয়ান ৩ হাজার ৩০০ রিংগিত), আমেরিকান ৬০০ ডলার, মোঃ তোহার নামে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জাতীয় সনদপত্র, তার মেয়ে আনাস তোহার জন্ম সনদপত্র, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের একটি চেক বইয়ের পাতা, ব্যবহৃত মোবাইল ফোন, অনলাইন জাতীয় পরিচয়পত্রের কপি জব্দ করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায় যে, মো. তোহা বিভিন্ন প্রতারণা ও কৌশলের মাধ্যমে চট্টগ্রামের লোহাগাড়া থানার মাস্টারপাড়া, পদুয়া এলাকার ঠিকানা ব্যবহার করে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র তৈরি করেন এবং নিজেকে বাংলাদেশি নাগরিক হিসেবে বিভিন্ন স্থানে পরিচয় প্রদান করেন। ক্যাম্প এলাকায় মানিলন্ডারিং কার্যক্রমে জড়িত ছিলেন এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর অসহায়ত্বকে কাজে লাগিয়ে মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে মানবপাচারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
তদন্তে আরও তথ্য পাওয়া যায় যে, তিনি বিভিন্ন সন্ত্রাসী ও জঙ্গি গোষ্ঠীর অর্থদাতা এবং ভুয়া পাসপোর্ট তৈরির সঙ্গে জড়িত একটি চক্রের মূল হোতা হিসেবে কাজ করতেন বলে সন্দেহ করা হচ্ছে। অভিযুক্ত মো. তোহা পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে বাংলাদেশের শুল্ক ও কর ফাঁকি দিয়ে বৈদেশিক মুদ্রা-ডলার, রিংগিত ও রিয়াল-নিজ হেফাজতে রেখেছিলেন বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়। তার বিরুদ্ধে বিশেষ আইনের মামলা দায়েরের পর উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
উখিয়ার থানার পরিদর্শক মো. মজিবুর রহমান বলেন, মো: তোহা নামের এক রোহিঙ্গাকে দেশি-বিদেশি মুদ্রাসহ পুলিশের কাছে হস্তান্তর করেছে এপিবিএন। তার কাছে বাংলাদেশে এনআইডি, পাসপোর্ট, মেয়ের এনআইডি রয়েছে। এক রোহিঙ্গার কাছে কিভাবে এসব পেল, কারা তাকে সহযোগিতা করেছে এবং বিদেশি মুদ্রা কোথায় পেল; সব বিষয় নিয়ে তদন্ত করা হবে।