শনিবার, মে ৩০, ২০২৬

উখিয়ায় ছেলেকে রক্ষায় মা খুনঃ বিএনপির ১০ নেতাকর্মির বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের উখিয়ায় ছেলেকে প্রতিপক্ষের হামলা থেকে রক্ষা করতে গিয়ে মা ছৈয়দা খাতুনের মৃত্যুর ঘটনায় সোমবার রাতে উখিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের ছেলে আব্দুর রহমান বাদী হয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের ১০ জনের নাম এজাহারে উল্লেখ করে দায়ের করা মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত আরও ৭-৮ জনকে।
উখিয়া থানার ওসি মুজিবুর রহমান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের ছেলের দেওয়া এজাহারের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। জড়িতদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
নিহত ছৈয়দা খাতুন (৫৫) উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং গ্রামের সব্বির আহমেদের স্ত্রী।
মামলার প্রধান আসামি করা হয়েছে উখিয়া উপজেলা বিএনপির সদস্য মিজান সিকদারকে। এ ছাড়া তাঁর ছেলে ছাত্রদল নেতা হাসেম সিকদার জিসান, সরকারি স্বাস্থ্য বিভাগের অ্যাম্বুলেন্সচালক স্থানীয় বিএনপি নেতা শামসুল আলম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল করিম, তাঁর ছেলে ছাত্রদল নেতা জুলফিকার আকাশ, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ বাবুল, রাজাপালং ইউনিয়ন শ্রমিকদল (দক্ষিণ) সভাপতি সাইফুল ইসলাম সিকদার, জাহাঙ্গীর আলম, জামাল উদ্দিন ও রফিক উদ্দিন এ মামলার আসামি।
মামলার এজাহার বলা হয়েছে, গত ১৬ মে রাতে টাইপালং গ্রামে একদল ব্যক্তি আব্দুর রহমানের ওপর হামলা চালায়। এ সময় ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীদের মারধরে ঘটনাস্থলেই মারা যান তাঁর মা ছৈয়দা খাতুন।
বাদী আব্দুর রহমান বলেন, “আমার মাকে আমার সামনেই হত্যা করা হয়েছে। যাদের আমি ঘটনাস্থলে দেখেছি, তাঁদের নামই মামলায় দিয়েছি। হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাব।”
প্রসঙ্গত উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকায় দেয়ালে লেখা ‘জয় বাংলা’ স্লোগান লেখাকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মিদের মারধর থেকে ছেলেকে রক্ষা করতে গিয়ে হামলায় আহত হয়ে শনিবার (১৭ মে) রাত ৮টার দিকে মারা যান ছৈয়দা খাতুন (৫৫)।

সর্বাধিক পঠিত