বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬

চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৫

চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি সিএনজি চালিত অটোরিকশাসহ সংঘবদ্ধ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৫ মে) রাত সাড়ে ৭টার দিকে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালকাকারা এলাকার চকরিয়া-বেতুয়া বাজার সড়কের আমান্যার চর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার হলেন- আইয়ুব আলী (৪২), ইব্রাহিম সোহেল (২৭), আবু হানিফ (২৯), সাইফুল ইসলাম (২০) ও নাজিম উদ্দিন (৪৮)।
চকরিয়া থানা পুলিশ সূত্রে জানা যায় , কক্সবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম অভিযানটি পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে, আমান্যার চর ব্রিজ এলাকায় একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে ডাকাতদলের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ধাওয়া করে একটি সিএনজি অটোরিকশাসহ পাঁচজনকে আটক করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা, একটি কোড়াবাড়ি, একটি লোহার খন্তি, একটি ধারালো ছোরা ও একটি ধারালো দা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা সংঘবদ্ধভাবে ডাকাতির উদ্দেশ্যে সেখানে সমবেত হওয়ার কথা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে ওই সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের যাত্রীদের টার্গেট করে ডাকাতি করে আসছিল বলেও পুলিশকে জানিয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় চকরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-৫৩, তারিখ ২৬ মে ২০২৬।
চকরিয়া থানার (ওসি) মনির হোসেন জানান ,চকরিয়া থানা এলাকায় ডাকাতি ও অপরাধ প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কক্সবাজার জেলা পুলিশ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।

সর্বাধিক পঠিত