রবিবার, মে ৩১, ২০২৬

লামায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

​লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বান্দরবানের লামায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
​শুক্রবার (৩০ মে) বিকেলে লামা গেস্ট হাউজ মিলনায়তনে লামা উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সকল সহযোগী অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।
​আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়ার কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করেছেন। দেশের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।”
​বক্তারা আরও বলেন, “জিয়াউর রহমানের আদর্শ ও জাতীয়তাবাদী দর্শন দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজও মূল প্রেরণার উৎস। ‘যেই জিয়া জনতার, সেই জিয়া মরে নাই’— শহীদ রাষ্ট্রপতি তাঁর কর্ম, আদর্শ ও দেশপ্রেমের মাধ্যমে এ দেশের কোটি মানুষের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবেন।” এ সময় বক্তারা সবাইকে জিয়ার আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
​আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে প্রার্থনা করা হয়।
​উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিলে লামা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী অঙ্গ ও সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত