সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল রামুর তরুণ উদ্যোক্তা মারুফ

রামু প্রতিনিধিঃ
ঈদ উপলক্ষে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রামুর তরুণ উদ্যোক্তা মারুফ।
মঙ্গলবার ভোরে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
নিহত মোহাম্মদ মারুফ (২২) রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে একজন পরিচিত ইন্টারনেট ব্যবসায়ী ছিলেন।
স্বজনরা জানিয়েছেন, ঈদ উপলক্ষে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে ভ্রমণে বের হয় মারুফ সহ আরও কয়েকজন। সোমবার সকালে তারা কুমিল্লার দাউদকান্দি এলাকায় পৌঁছালে মারুফ সহ থাকা মোটর সাইকেলটি দুর্ঘটনায় কবলে পড়ে। এতে মারুফ গুরুতর আহত হলে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা আশংকাজনক হলে তাকে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। মঙ্গলবার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারুফ মারা যায়।
এদিকে মারুফের অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ গ্রামের বাড়িতে আনার প্রস্তুতি চলছে।