Sunday, June 28, 2026

নাইক্ষ্যংছড়িতে পাচারকারিদের ফেলে যাওয়া ৫০ হাজার ইয়াবা উদ্ধার

রামু প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৫০ হাজার ২১৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৫০ লাখ ৬৫ হাজার ৪০০ টাকা।

শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার ৪৭/৩-এস থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফুলাঝিড়ি এলাকায় কয়েকজন চোরাকারবারী মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে প্রবেশ করে। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির বিশেষ আভিযানিক দল সেখানে অবস্থান নিয়ে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের বহন করা ইয়াবা ফেলে জঙ্গলের ভেতরে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় পাঁচটি কার্টনে রাখা মোট ৫০ হাজার ২১৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে খয়েরি রঙের ৪৯ হাজার ৭২০ পিস এবং সবুজ রঙের ৪৯৮ পিস ইয়াবা ছিল।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

সর্বাধিক পঠিত