
চিটাগং ট্রিবিউন ডেস্ক
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দেশটির অবকাঠামোর ওপর যেকোনো মার্কিন হামলার বৈশ্বিক জ্বালানি ও অর্থনীতির ওপর সুদূরপ্রসারী পরিণতি সম্পর্কে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি মার্কিন কর্মকর্তাদের সতর্ক করে বলেছেন, যেকোনো বিপর্যয়ের জন্য তাদেরকেই জবাবদিহি করতে হবে।
স্থানীয় সময় রোববার (৫ এপ্রিল) আরাগচি এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো টেলিফোনে কথা বলেন। এসময় তারা মার্কিন-ইসরাইল আগ্রাসন সম্পর্কিত সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাবলী এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন।
আরাগচি বলেন, ইরানের অবকাঠামোর ওপর হামলা সংক্রান্ত মার্কিন হুমকি যুদ্ধাপরাধ ও গণহত্যাকে বৈধ ঘোষণার শামিল। যদি এটি কার্যকর করা হয় তবে নিঃসন্দেহে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে চূড়ান্ত ও ব্যাপক জবাব দেওয়া হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, এই ধরনের পরিস্থিতির পরিণতি শুধু ইরান ও এই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং তা বৈশ্বিক জ্বালানি ও অর্থনীতির ওপর ধ্বংসাত্মক প্রভাব ফেলবে। এর দায়ভার একমাত্র মার্কিন কর্মকর্তা ও আগ্রাসনকারীদের ওপরই বর্তাবে।
