শনিবার, মে ৯, ২০২৬

‘আল্লাহর কাছে দোয়া করো’; ইরানকে ধ্বংসের হুমকি ট্রাম্পের

চিটাগং ট্রিবিউন ডেস্ক 
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ এ দেওয়া এক বার্তায় তিনি ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেন।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প তার পোস্টে লেখেন, ‘মঙ্গলবার হবে ইরানের জন্য বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের দিন—এমনটা আগে কখনো হয়নি। দ্রুত হরমুজ প্রণালি খুলে দিতে হবে, অন্যথায় ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। আল্লাহর কাছে দোয়া করো।’
তবে এই কঠোর অবস্থানের কিছুক্ষণ পরই সুর নরম করে আরেক পোস্টে ট্রাম্প জানান, তিনি আশা করছেন সোমবারের মধ্যে ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রয়েছে এবং দ্রুত একটি চুক্তি হতে পারে। যদিও তেহরান বারবার এমন কোনো আলোচনার কথা অস্বীকার করে আসছে।
প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের ওপর টানা ৩৮ দিন ধরে হামলা চলছে। এতে দেশটির শীর্ষ পর্যায়ের নেতাসহ বহু মানুষের হতাহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এর পাল্টা জবাবে ইরানও ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।
অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইসরায়েলের সহায়তায় যুক্তরাষ্ট্র ইরানে আটকে পড়া নিজেদের এক পাইলটকে উদ্ধার করেছে।

সর্বাধিক পঠিত