
ঈদগড় ( রামু ) প্রতিনিধিঃ
কক্সবাজারে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের পশ্চিমপাড়া জামে মসজিদের দীর্ঘদিনের ইমাম ও খতিব মাওলানা নুরুল আজিমকে সম্মাননা ও ভালোবাসার মধ্য দিয়ে বিদায় জানিয়েছেন মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসী।
তিনি টানা ১৮ বছর ধরে ঈদগড় পশ্চিমপাড়া জামে মসজিদে ইমামতি ও দ্বীনি খেদমত করে আসছিলেন। বয়সজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নেন। তার এই দীর্ঘ খেদমতের স্বীকৃতি হিসেবে মসজিদ কমিটি এক আবেগঘন বিদায় সংবর্ধনার আয়োজন করে।
শুক্রবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মসজিদ কমিটির সদস্যরা ইমাম নুরুল আজিমের ধর্মীয় শিক্ষা, সুন্দর চরিত্র ও দীর্ঘদিনের নিষ্ঠাবান সেবার প্রশংসা করেন।
তারা বলেন, দীর্ঘ ১৮ বছর তিনি আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে মসজিদে ইমামতি করে এলাকার মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করেছেন।
বিদায় অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। এ সময় পরিবেশ ছিল আবেগঘন। অনেক মুসল্লি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।
মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়, মাওলানা নুরুল আজিমের দীর্ঘদিনের অবদান ঈদগড় পশ্চিমপাড়া জামে মসজিদের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতেই এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
