শনিবার, মে ১৬, ২০২৬

ঈদগাঁওতে অস্ত্র ও গুলিসহ দুই ডাকাত আটক

ঈদগাঁও প্রতিনিধিঃ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫। বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাতে উপজেলার আলমাছিয়া পূর্ব গেইট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১টার দিকে র‍্যাব-১৫ এর সিপিসি দল ওই এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। এসময় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ঈদগাঁও উপজেলার কালিরছড়া এলাকার এনামুল হক এনাম ও নুরুল আফসার রিপন।
বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র ও সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
​তিনি আরও জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের নির্মূল করতে র‍্যাবের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত