জয়-পলকের বিরুদ্ধে বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্য আজ

চিটাগং ট্রিবিউন ডেস্ক
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক স্বৈরশাসক শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আজ (১৯ এপ্রিল) পঞ্চম সাক্ষীর জবানবন্দি।
আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।
এদিন রাষ্ট্রপক্ষের পাঁচ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দেবেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এক কর্মকর্তা। নিরাপত্তার স্বার্থে তার নাম প্রকাশ করেনি প্রসিকিউশন। তবে প্রথমেই চার নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক কর্মকর্তার জেরা সম্পন্ন করবেন আসামিপক্ষের আইনজীবীরা।
এ মামলায় দুই আসামির মধ্যে গ্রেপ্তার হয়ে পলক কারাগারে রয়েছেন। এদিকে, পলাতক থাকায় সজীব ওয়াজেদ জয়ের হয়ে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম আইনি লড়াই করছেন।