শনিবার, মে ৯, ২০২৬

হরমুজ প্রণালি থেকে কোটি কোটি ডলার আয়ের সুযোগ পাচ্ছে ইরান

চিটাগং ট্রিবিউন ডেস্ক 

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তানের বিস্ময়কর মধ্যস্থতার সুফল হাতেনাতে পেতে শুরু করেছে ইরান। দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির এক চমকপ্রদ শর্ত হিসেবে এখন থেকে গুরুত্বপূর্ণ নৌপথ ‘হরমুজ প্রণালি’ দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজগুলো থেকে সরাসরি টোল আদায়ের অধিকার পাচ্ছে ইরান ও ওমান। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এই বিস্ফোরক তথ্য উঠে এসেছে।

ভৌগোলিক অবস্থানের কারণে হরমুজ প্রণালিটি ইরান ও ওমানের জলসীমার মধ্যে অবস্থিত হলেও, এতদিন এটি উন্মুক্ত আন্তর্জাতিক জলপথ হিসেবে ব্যবহৃত হতো। ফলে এখান দিয়ে যাতায়াতকারী জাহাজের ওপর কোনো ফি বা টোল আরোপের সুযোগ ছিল না। কিন্তু পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া নতুন এই চুক্তির ফলে প্রথমবারের মতো এই ঐতিহাসিক পরিবর্তনের নজির সৃষ্টি হতে যাচ্ছে।

আঞ্চলিক এক কর্মকর্তার বরাত দিয়ে এপি জানিয়েছে, টোল থেকে প্রাপ্ত এই বিপুল অর্থ ইরান তাদের দেশের যুদ্ধবিধ্বস্ত অবকাঠামো ও অর্থনৈতিক পুনর্গঠনের কাজে ব্যয় করবে। তবে ওমান তাদের ভাগের অর্থ কোন খাতে ব্যবহার করবে, তা এখনো স্পষ্ট নয়। বিশ্বের মোট জ্বালানি তেলের এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়, ফলে এই টোল আদায় শুরু হলে ইরান এক বিশাল আয়ের উৎস খুঁজে পাবে।

পাকিস্তানের ইসলামাবাদে শুক্রবার শুরু হতে যাওয়া শান্তি আলোচনার আগেই এমন অর্থনৈতিক সমঝোতা নিশ্চিতভাবেই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, বিশ্ব বাণিজ্য ও জ্বালানি তেলের বাজারে এই নতুন ‘সি-টোল’ বা সমুদ্র-কর কী ধরনের প্রভাব ফেলে।

সূত্র: আল জাজিরা ও এপি।

সর্বাধিক পঠিত