বুধবার, জুন ৩, ২০২৬

৯৪ দিন ধরে অচল হরমুজ প্রণালি, বৈশ্বিক জ্বালানি ও শিপিং খাতে তীব্র সংকট

চিটাগং ট্রিবিউন ডেস্ক 

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি টানা ৯৪ দিন ধরে কার্যত অচল হয়ে রয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রণালিটি দ্রুত খুলে দেওয়ার আশ্বাস দিলেও বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন বলে জানিয়েছেন আন্তর্জাতিক শিপিং খাতের শীর্ষ নির্বাহীরা।

গ্রিসের অ্যাথেন্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক শিপিং প্রদর্শনীতে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থায়ী শান্তিচুক্তি এবং নিরাপদ নৌচলাচলের নিশ্চয়তা ছাড়া এই ২১ মাইল প্রশস্ত প্রণালিতে জাহাজ চলাচল পুনরায় শুরু করা সম্ভব নয়। বর্তমানে এ পথ দিয়ে বিশ্ব তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ বন্ধ রয়েছে, পাশাপাশি এলএনজি ও সার সরবরাহেও বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।

গবেষণা সংস্থা ‘কেপলার’-এর তথ্য অনুযায়ী, স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় ১০০টি জাহাজ চলাচল করলেও সাম্প্রতিক সময়ে এই সংখ্যা নাটকীয়ভাবে কমে গেছে। গত শুক্রবার মাত্র ৭টি এবং সপ্তাহান্তে মাত্র ৪টি জাহাজ প্রণালি অতিক্রম করতে পেরেছে। বিশেষজ্ঞদের মতে, এটি কার্যত একটি আংশিক অবরোধ পরিস্থিতির সমান।

শিপিং বিশ্লেষক ম্যাট স্মিথ বলেন, প্রণালি দিয়ে হাতে গোনা জাহাজ পার হলেও তা বিশ্ববাজারে কোনো বাস্তব প্রভাব ফেলছে না। মূল সংকট হলো জাহাজ মালিক ও বিমা কোম্পানিগুলোর আস্থা সংকট, যা এখনো কাটেনি।

এর মধ্যে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সহায়তায় চালু হওয়া ‘প্রজেক্ট ফ্রিডম’ উদ্যোগও কার্যকরভাবে চলমান নেই বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। বর্তমানে কোনো জাহাজকে সরাসরি এসকর্ট দেওয়া হচ্ছে না, তবে সমন্বয় কার্যক্রম চলছে।

নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়েছে সাম্প্রতিক সহিংসতায়। ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি সংস্থা জানিয়েছে, পারস্য উপসাগরের উত্তরাঞ্চলে একটি মালবাহী জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে এ অঞ্চলে ৩৯টি জাহাজে হামলা হয়েছে এবং ১১ জন প্রাণ হারিয়েছেন।

এদিকে বৈশ্বিক শিপিং ব্যয়ও ব্যাপকভাবে বেড়ে গেছে। গ্রিক ট্যাংকার অপারেটর ‘হাইডমার’ জানিয়েছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে তাদের আয় গত বছরের তুলনায় ২০০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে, যা অস্থিতিশীল বাজার পরিস্থিতির প্রতিফলন।

বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালির এই দীর্ঘ অচলাবস্থা শুধু জ্বালানি বাজার নয়, বৈশ্বিক বাণিজ্য ও অর্থনীতিকে দীর্ঘমেয়াদে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।

সূত্র: সিএনএন

সর্বাধিক পঠিত