খড়ের স্তুপের নিচে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার রূপসী ইউনিয়নের ভাট্টা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে তাজউদ্দিন (৪০) এবং মৃত মিয়া হোসেনের ছেলে আরশব আলী (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তাজউদ্দিন বাড়ির পাশে খড় শুকানোর কাজ করছিলেন। এসময় ঝোড়ো বাতাসে পড়ে যাওয়া একটি বিদ্যুতের তার খড়ের নিচে পড়ে ছিল, যা তার জানা ছিল না। খড় শুকানোর একপর্যায়ে তিনি ওই তারে স্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
এসময় পাশ দিয়ে কাজের উদ্দেশ্যে মাঠে যাচ্ছিলেন আরশব আলী। তাজউদ্দিনকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।