Monday, June 22, 2026

ঈদগাঁওয়ে রাবার ড্যাম কমিটির সম্পাদকের নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলন, নির্বিকার প্রশাসন

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। অনুমোদনহীন ড্রেজার মেশিন ব্যবহার করে নদী থেকে বালু উত্তোলন করা হলেও রহস্যজনক কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।
​সরেজমিনে দেখা যায়, উপজেলার জালালাবাদ ইউনিয়নে রাবার ড্যাম সংলগ্ন ঈদগাঁও নদীর পূর্ব পাশে দীর্ঘ দিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। এলাকাবাসীর অভিযোগ, রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আয়াত উল্লাহ ছুট্রোর নেতৃত্বে স্থানীয় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে এই অবৈধ বাণিজ্য চলছে।
​অভিযোগ রয়েছে, বালু উত্তোলনের জন্য চলাচলের পথ ও সরকারি জায়গা ব্যবহার করে পাইপ বসানো হয়েছে। এখান থেকে উত্তোলিত বালু ডাম্পার ট্রাকের মাধ্যমে জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি। এর ফলে একদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন।
​স্থানীয়দের দাবি, অবাধে বালু উত্তোলনের ফলে নদীর দুই পাশের জরাজীর্ণ বেড়িবাঁধ বর্ষা মৌসুমে ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে। এর আগে একই কারণে একটি ব্রিজ নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছিল।
এলাকাবাসী বলছেন, “প্রশাসন নাকের ডগায় থাকলেও রহস্যজনকভাবে নীরব। অবৈধ আয়ের একটি অংশ কি তবে সংশ্লিষ্টদের পকেটে যাচ্ছে?”
​এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আয়াত উল্লাহ ছুট্রোর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি বলেন, “বিষয়টি অবগত হওয়ার পর গত কোরবানির ঈদের আগে চৌকিদার পাঠিয়েছিলাম। রাবার ড্যাম কমিটির সাধারণ সম্পাদক হয়েও যদি কেউ এমন কাজ করেন, তবে সংশ্লিষ্ট প্রশাসনই এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে পারে।”
​ঈদগাঁও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল জব্বার বালু উত্তোলনের বিষয়টি অবৈধ বলে স্বীকার করে বলেছেন, “বিষয়টি আমার জানা ছিল না, তবে দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
​এ বিষয়ে মন্তব্যের জন্য ঈদগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানার সরকারি নম্বরে বারবার কল দিলেও তিনি সাড়া দেননি।
​ইতোমধ্যে এলাকাবাসী জনস্বার্থে অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সর্বাধিক পঠিত