শনিবার, জুন ৬, ২০২৬

ছিনতাইয়ের শিকার ভুক্তভোগী রিকশা চালক আইসিইউতে

বোয়ালখালী ( চট্টগ্রাম ) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বোয়ালখালীতে যাত্রীবেশী এক ব্যক্তির হামলায় গুরুতর আহত রিকশাচালক আবদুল নবী (৫০) নগরীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার কধুরখীলের লালার দিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে। আবদুল নবী বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী মুন্সিপাড়ার বাসিন্দা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল নবী এক যাত্রীকে নিয়ে কধুরখীল এলাকায় যাওয়ার পথে রিকশায় থাকা ওই ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ব্যাটারিচালিত রিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। পরে রাতে উন্নত চিকিৎসার জন্য নগরীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয়রা জানান, হামলার পর রিগ্যান বিশ্বাস নামে এক ব্যক্তিকে রক্তমাখা শার্ট পরে রিকশাটি নিয়ে দ্রুত চলে যেতে দেখা যায়। সড়কের সিসিটিভি ফুটেজেও এক ব্যক্তিকে রিকশা নিয়ে পালিয়ে যেতে দেখা গেছে।
এদিকে, ঘটনার পর অভিযুক্তের খোঁজে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। এখনো তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে চরণদ্বীপ এলাকার সড়কের পাশ থেকে ছিনতাই হওয়া রিকশাটি উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রিগ্যান বিশ্বাস (৩৫) কধুরখীল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বৈদ্যবাড়ির স্বপন বিশ্বাসের ছেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, “ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই তার নাম প্রকাশ করা যাচ্ছে না। ছিনতাই হওয়া ব্যাটারিচালিত রিকশাটি উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

সর্বাধিক পঠিত