বুধবার, জুন ৩, ২০২৬

‘শুধু জাতিসংঘ নয়, সারা বিশ্বই বাংলাদেশের ওপর আস্থা রেখেছে’

চিটাগং ট্রিবিউন ডেস্ক
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীর নির্বাচিত হওয়াকে দেশের মানুষের জন্য গর্বের বিষয় এবং গণতন্ত্রের বিজয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ বুধবার (৩ জুন) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, এই নির্বাচন প্রমাণ করে যে শুধু জাতিসংঘ নয়, বরং সারা বিশ্বেরই বাংলাদেশের ওপর আস্থা রয়েছে।
এই বিজয়কে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার সফলতার প্রতিফলন বলেও দাবি করেন।
এ সময় সাংবাদিকদের সমসাময়িক বিভিন্ন প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। হাদী হত্যাকাণ্ডের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচনে পরাজিত প্রার্থী এ নিয়ে কী মন্তব্য করেছেন, তা বাংলাদেশের আমলে নেওয়ার মতো বিষয় নয়। তবে এই হত্যার বিচার নিশ্চিত করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ।
এছাড়া প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর প্রসঙ্গে তিনি জানান, বিভিন্ন দেশ থেকে আমন্ত্রণ এলেও প্রধানমন্ত্রী নিজেই সিদ্ধান্ত নেবেন তিনি কোথায় সফর করবেন। পাশাপাশি, মিয়ানমার সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবিকে কঠোর অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন শামা ওবায়েদ।

সর্বাধিক পঠিত