বৃহস্পতিবার, মে ৭, ২০২৬

ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি তুরস্কের

চিটাগং ট্রিবিউন ডেস্ক
ইরান থেকে তুরস্কের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে জানিয়েছে আঙ্কারা। পূর্ব ভূমধ্যসাগরে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ওই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সোমবার (৯ মার্চ) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে এ খবর জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ইরানি ওই ক্ষেপণাস্ত্রের কিছু ধ্বংসাবশেষ তুরস্কের দক্ষিণ-মধ্যাঞ্চলীয় শহর গাজিয়ানটেপে পড়েছে। তবে এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
তুরস্কের ভূখণ্ডের ওপর আসা যেকোনো ধরনের হুমকির বিরুদ্ধে ‘প্রয়োজনীয় সব ব্যবস্থা’ গ্রহণ করা হবে বলে সতর্ক করে দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘তুরস্ক সুপ্রতিবেশিসুলভ সম্পর্ক এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে অত্যন্ত গুরুত্ব দেয়। তবে আমরা আবারও জোর দিয়ে বলছি, আমাদের দেশের ভূখণ্ড ও আকাশসীমার দিকে ধেয়ে আসা যেকোনও হুমকির বিরুদ্ধে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এবং কোনও দ্বিধা ছাড়াই প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। আমরা পুনরায় বলছি, এ বিষয়ে তুরস্কের সতর্কবার্তাকে গুরুত্ব দেওয়া সবার জন্যই মঙ্গলজনক হবে।’

সর্বাধিক পঠিত