মঙ্গলবার, মে ৫, ২০২৬

তমব্রু সীমান্তে মিয়ানমার অভ্যন্তরে তীব্র গোলাগুলির তীব্র শব্দে আতংকে স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদকঃ
বান্দরবানে নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তে মিয়ানমার অভ্যন্তর থেকে ভেসে এলো থেমে থেমে গোলাগুলির তীব্র শব্দ; এতে সীমান্তের বাসিন্দাদের মধ্যে আতংক বিরাজ করছে।
এ নিয়ে বিজিবির সংশ্লিষ্টরা বলছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে আধিপত্য বিস্তারের জেরে আরাকান আর্মির সাথে রোহিঙ্গা সশস্ত্র কোন গোষ্টির মধ্যে গোলাগুলির এ ঘটনা ঘটেছে। বিজিবি সীমান্ত পরিস্থিতি কঠোর নজরদারিতে রেখেছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু সীমান্তের মিয়ানমার অভ্যন্তরে এ ঘটনা ঘটেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সন্ধ্যায় তমব্রু সীমান্ত পিলার ৩৪ ও ৩৫ নম্বরের ওপারে মিয়ানমার অভ্যন্তরে আনুমানিক ২ থেকে ৩ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটেছে। আকস্মিক গোলাগুলির তীব্র শব্দ ভেসে আসে। এসময় আধাঘন্টা ধরে চলা সংঘাতে অন্তত শতাধিক রাউন্ড গুলিবর্ষণের শব্দ শোনা যায়।
মিয়ানমার অভ্যন্তরে আধিপত্য বিস্তারের জেরে আরাকান আর্মির সাথে রোহিঙ্গা সশস্ত্র কোন গোষ্টির মধ্যে সংঘাতের এ ঘটনা ঘটে থাকতে পারে মন্তব্য করে তিনি জানান, “ আরসা, আরএসও, এআরএ ও নবী হোসেন গ্রুপ সহ কোন গোষ্টির সাথে এ ঘটনা ঘটেছে। মিয়ানমার সীমান্ত অভ্যন্তরে ফকিরাবাজার এলাকায় আরাকান আর্মির ক্যাম্প ঘিরে গোলাগুলি হয়েছে। ক্যাম্পটির দুই দিক থেকে গোলাগুলির শব্দ শোনা গেছে।
এদিকে আকস্মিক গোলাগুলির তীব্র শব্দ ভেসে আসায় সীমান্তের বাসিন্দাদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে জানিয়ে স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যম কর্মি আজিজুল হক রানা জানান, “ গোলাগুলির শব্দ শুনে স্থানীয়দের মধ্যে আতংক দেখা দেয়। থেমে থেমে বৃষ্টির মত গোলাগুলির শব্দ শোনা গেছে। রাত ৯ টা পর্যন্তও থেমে থেমে গোলাগুলির শব্দ ভেসে আসতে শোনা যায়। “
সীমান্তের এপারে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে লে. কর্নেল এস এম খায়রুল আলম জানান, সীমান্তের শূণ্যরেখা থেকে মিয়ানমারে বেশ অভ্যন্তরে সংঘাতের ঘটেছে। সীমান্ত পরিস্থিতি কঠোর নজরদারিতে রাখার পাশাপাশি বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

সর্বাধিক পঠিত