টেকনাফে ৪ বছর বয়সী মার্কিন নাগরিক শিশুকে অপহরণচেষ্টাকালে ৩ অপহরণকারি আটক

টেকনাফ ( দক্ষিণ ) প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফে বাংলাদেশি বংশোদ্ভুদ চার বছর বয়সী মার্কিন নাগরিক এক শিশুকে অপহরণচেষ্টাকালে তিন অপহরণকারিকে আটক করেছে র্যাব।
বুধবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারি পরিচালক ( আইন ও গণমাধ্যম ) ও সহকারি পুলিশ সুপার আ. ম. ফারুক।
আটকরা হল- টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ার হাফেজ উল্লাহ’র ছেলে কেফায়েত উল্লাহ (২৪) এবং নতুন পল্লান পাড়ার আব্দুস ছালামের ছেলে শাহাব উদ্দিন (২৮) ও একই এলাকার মৃত কামাল হোসেনের ছেলে আব্দুর রজব মিয়া (৩৫)।
ভুক্তভোগী শিশুর বাবা টেকনাফ পৌরসভার নতুন পল্লান পাড়ার আদি বাসিন্দা। তিনি এখন মার্কিন নাগরিক। গত মাসখানেক আগে শিশুটি বাবা ও মায়ের সঙ্গে টেকনাফে দাদার বাড়ী বেড়াতে এসেছিল।
আ. ম. ফারুক বলেন, মঙ্গলবার দুপুরে টেকনাফ পৌরসভার নতুন পল্লান পাড়ায় ৪ বছর বয়সী মার্কিন নাগরিক শিশুটিকে একা পেয়ে কতিপয় দুর্বৃত্ত অপহরণ করে নিয়ে যাচ্ছিল। এসময় স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে অপহরণকারিদের ধাওয়া দেয়। এক পর্যায়ে পশ্চিম গোদারবিল এলাকায় অপহরকারিদের আটক করতে সক্ষম হয় স্থানীয়রা।
পরে বিষয়টি স্থানীয়রা অবহিত করলে র্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার এবং ৩ অপহরণকারি আটক করা হয়েছে বলে জানান তিনি।
আ. ম. ফারুক জানান, শিশুটিকে অভিভাবকদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনায় আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।