পাহাড়তলীতে পূর্ব বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে ২ জন নিহত ও আহত ১

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় ‘মোবাইল ফোনে তর্ক-বিতর্ক’ নিয়ে পূর্ববিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় ছুরিকাহত হয়ে দু্ই যুবক নিহত ও একজন আহত হয়েছেন।
মঙ্গলবার ( ২ জুন ) রাত সাড়ে ১২ টার দিকে কক্সবাজার পৌরসভার পাহাড়তলী ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানান, কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
নিহতরা হল- চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেধাকচ্ছপিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ হৃদয় (২৮) এবং কক্সবাজার পৌরসভার ইসলামপুর বাবুলের ঘোনা এলাকার বাসিন্দা মোহাম্মদ ইসমাইলের ছেলে মোহাম্মদ আশরাফ ওরফে আসিফ (২৮)।
ঘটনায় আহত আশরাফুল ইসলাম (২০) কক্সবাজার পৌরসভার ইসলামপুর এলাকার মসজিদ সংলগ্ন মোহাম্মদ হাসেমের ছেলে।
পুলিশ জানিয়েছে, রাতে ঘটনার পর আহত ৩ জনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ হৃদয়কে মৃত ঘোষণা করেন। পরে আহত অপর দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ( চমেক ) প্রেরণ করেন। বুধবার সকালে চমেকে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আশরাফ ওরফে আসিফের মৃত্যু হয়েছে।
স্থানীয়দের বরাতে শেখ মোহাম্মদ আলী জানান, কিছুদিন আগে আশরাফুল ইসলাম ও মোহাম্মদ ওসমান নামের স্থানীয় দুই যুবকের মধ্যে মোবাইল ফোন তর্কাতর্কির ঘটনা ঘটে। এনিয়ে মঙ্গলবার মধ্যরাতে তাদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সেখানে জড়ো হলে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ছুরিকাঘাতে উভয়পক্ষের তিনজন আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে একজনকে মৃত ঘোষণা করা হয়। রাতেই অপর দুইজনকে চমেকে পাঠানো হয়।
ওসি জানান, রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে মোবাইল ফোনে কথা কাটাকাটির পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ তথ্য পেয়েছে।
ঘটনার রহস্য উদঘাটনের পাশাপাশি জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান, শেখ মোহাম্মদ আলী।