লামায় পুলিশের পৃথক অভিযানে আটক ৩

লামা ( বান্দরবান ) প্রতিনিধিঃ
বান্দরবানের লামা থানা পুলিশের বিশেষ অভিযানে ২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী এবং পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সহকারী পুলিশ সুপার জনাব মাসুম সরদার এবং লামা থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ শাহজাহান কামাল-এর তত্ত্বাবধানে বৃহস্পতিবার (১৮ জুন) মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই সত্যজিৎ বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ লামা পৌরসভার ৪নং ওয়ার্ডের চেয়ারম্যান পাড়ায় অভিযান চালিয়ে স্থানীয়দের হাতে আটক মোঃ আলী জোহর (২৩) নামের এক যুবককে ২ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
গ্রেপ্তার আলী জোহর চেয়ারম্যান পাড়ার বাসিন্দা। তার বিরুদ্ধে লামা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এদিকে শুক্রবার (১৯ জুন) ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে পৃথক বিশেষ অভিযানে এএসআই প্রকাশ ঘোষের নেতৃত্বে আরও দুই পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়। তারা হলেন মোঃ মোস্তফা ও নুরুল কবির।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত তিন আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।