Sunday, June 21, 2026

লামায় ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত গ্রেপ্তার

লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে ১২ বছর বয়সী এক কন্যাশিশুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ বাদশা’কে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার (১৭ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
​অভিযুক্ত মোহাম্মদ বাদশা ফাইতং ইউনিয়নের ০৭ নম্বর ওয়ার্ডের রাইম্যাখোলা এলাকার নজির আহমদের ছেলে। সে পেশায় একজন গাড়ীর চালক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির মা ঘরে না থাকার সুযোগে বিভিন্ন কৌশলে ঘরের ভেতরে ঢুকে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে বাদশা। পরবর্তীতে শিশুটির মা বাড়িতে ফিরলে ভুক্তভোগী শিশুটি কান্নাজড়িত কণ্ঠে ঘটনার বিস্তারিত জানায়। এরপর পরিবারের পক্ষ থেকে দ্রুত লামা থানায় অভিযোগ দায়ের করা হলে, ফাইতং পুলিশ ফাঁড়ির একটি দল তাৎক্ষণিক তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
​এলাকাবাসীর সূত্রে আরও জানা গেছে, ধৃত ধর্ষক বাদশা যে নৃশংস অপরাধ করেছে, তার পিতা নজির আহমদও প্রায় ২০ বছর আগে একই ধরনের ঘৃণ্য অপরাধে জড়িত ছিলেন। একই পরিবারে এমন বিকৃত মানসিকতা ও অপরাধের পুনরাবৃত্তিতে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সচেতন মহল এই জঘন্য অপরাধের সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি এবং এলাকায় অপরাধের মূল উৎস মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এবং ফাইতং পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই নিশান চন্দ্র বল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ” ১২ বছরের এক শিশু ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনার পর পরই অভিযান চালিয়ে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। “
ভুক্তভোগী শিশুর চিকিৎসাসহ অন্যান্য আইনি প্রক্রিয়া যথাযথভাবে চলমান রয়েছে বলে জানান তিনি।

সর্বাধিক পঠিত