লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল ইউনিট ও আল্ট্রাসনোগ্রাফি সেবার শুভ উদ্বোধন

লামা ( বান্দরবান ) প্রতিনিধিঃ
বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো ডেন্টাল ইউনিট ও আল্ট্রাসনোগ্রাফি সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে পার্বত্য এই অঞ্চলের সাধারণ মানুষের দীর্ঘদিনের একটি বড় চিকিৎসা ঘাটতি পূরণ হলো।
বুধবার (১৭ জুন) স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই দুটি গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বান্দরবানের স্থানীয় সংসদ সদস্যের সার্বিক সহযোগিতা, নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির আর্থিক সহায়তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার আন্তরিক প্রচেষ্টায় এই জনকল্যাণমুখী সেবা দুটি চালু করা সম্ভব হয়েছে। এখন থেকে লামার সাধারণ মানুষ স্থানীয় হাসপাতালেই দাঁতের উন্নত চিকিৎসা ও আল্ট্রাসনোগ্রাফি সেবা গ্রহণ করতে পারবেন।
এদিকে নতুন এই সেবা চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও সেবাগ্রহীতারা।
তারা জানান, আগে সামান্য এই দুটি সেবার জন্যও পাহাড়ি দুর্গম পথ পাড়ি দিয়ে দূরবর্তী এলাকা বা জেলা সদরে যেতে হতো। এতে যেমন সময়ের অপচয় হতো, তেমনি যাতায়াত ও চিকিৎসার পেছনে অতিরিক্ত টাকা খরচ হতো। এখন ঘরের কাছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই সেবা পাওয়ায় সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আশা প্রকাশ করে বলেন, নতুন এই যুগান্তকারী উদ্যোগ লামা উপজেলার সার্বিক স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক চিকিৎসা পৌঁছে দিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি লামায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।