রবিবার, মে ২৪, ২০২৬

বোয়ালখালীতে ৫৯ লাখ টাকার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

বোয়ালখালী ( চট্টগ্রাম ) প্রতিনিধিঃ
চট্টগ্রাম বোয়ালখালী পৌরসভার পূর্ব কালুরঘাটে সিএনজি চালিত একটি অটোরিকশা থেকে প্রায় ৫৯ লাখ টাকার ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব। এসময় রোহিঙ্গা নারী নাগরিক সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২২ মে) রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বসানো র‍্যাবের অস্থায়ী চেকপোস্টে অটোরিকশাটি (চট্টগ্রাম-থ-১৪-৬৪৩৬) ধরা পড়ে।
এসময় তল্লাশী চালিয়ে গাড়ির যাত্রীদের পেছনে মালামাল রাখায় স্থানে ১টি সাদা রংয়ের প্লাষ্টিকের বাজারের ব্যাগে কালো রঙের স্কচটেপ মোড়ানো ১০টি নীল পলিজিপার প্যাকেটে ১৯ হাজার ৬০০ টি ইয়াবা পাওয়া যায়।
এ ঘটনায় যাত্রী সিটে থাকা নগরীর চান্দগাঁও কে বি আমান আলী রোডের জালাল আহমদ সওদাগর বাড়ীর মৃত কালা মিয়ার ছেলে বাদশা মিয়া (৪৭) এবং কক্সবাজার জেলার উখিয়া বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা মৃত আব্দুল শুক্করের মেয়ে তাহেরা বেগম শমসিদাকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার দুইজন ও জব্দ করা ইয়াবা ট্যাবলেট থানায় সোপর্দ করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাদের শনিবার আদালতে পাঠানো হয়েছে।

সর্বাধিক পঠিত