Monday, June 22, 2026

লামায় পুষ্টি মেলা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

​লামা ( বান্দরবান ) প্রতিনিধিঃ
বান্দরবানের লামা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে ‘পুষ্টি মেলা-২০২৬’ উদ্বোধন এবং পুষ্টি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ জুন) উপজেলার গজালিয়া ইউনিয়নের ছোট বমু হেডম্যান পাড়ায় এ মেলার আয়োজন করা হয়।
​“অংশীদারিত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা (পিআরএলসি)” প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গ্রাউস’ (গ্রাম উন্নয়ন সংগঠন) এই অনুষ্ঠানের আয়োজন করে।
​গজালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উছাচিং মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর খুকুমণি বড়ুয়া।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছোট বমু মৌজার হেডম্যান মংচাথোয়াই মার্মা, গ্রাউস পিআরএলসি প্রকল্পের মনিটরিং অফিসার এবং লামা প্রেসক্লাবের সদস্য ফরিদ উদ্দিন।
​আলোচনা সভায় বক্তারা স্থানীয় জনগোষ্ঠীর মাঝে পুষ্টি সচেতনতা বৃদ্ধি, সুষম খাদ্য গ্রহণের গুরুত্ব এবং প্রতিটি পরিবারে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
বক্তারা বলেন, অপুষ্টি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে এ ধরনের মেলা ও প্রদর্শনী গ্রামীণ জনপদে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুস্থ-সবল প্রজন্ম গঠনে মা ও শিশুর সঠিক পুষ্টি নিশ্চিত করা জরুরি।
​মেলায় স্থানীয় পুষ্টিকর খাদ্যদ্রব্যের প্রদর্শনী করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, কার্বারী, বিপুল সংখ্যক নারী, পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি মুখরিত হয়ে ওঠে।

সর্বাধিক পঠিত