মহেশখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে রশিদকে মারধর ও হুমকির অভিযোগ

বার্তা পরিবেশকঃ
কক্সবাজারের মহেশখালী পৌরসভার গোরকঘাটা এলাকায় এক ব্যক্তিকে প্রকাশ্যে মারধর, অশালীন গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা আতাউল্লাহ বোখারী’র বিরুদ্ধে। তিনি জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক।
এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ রশিদ মহেশখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ মে সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে গোরকঘাটা নামার বাজার এলাকায় দৈনন্দিন কাজে যাওয়ার সময় মোহাম্মদ রশিদের পথরোধ করেন আতাউল্লাহ বোখারী। এসময় তিনি অশালীন ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং জনসম্মুখে অপমানজনক আচরণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি শারীরিকভাবে টানাহেঁচড়া ও মারধরের ঘটনাও ঘটে বলে দাবি করেছেন অভিযোগকারী।
ভুক্তভোগী মোহাম্মদ রশিদ অভিযোগে আরও উল্লেখ করেন, অভিযুক্ত ব্যক্তির সঙ্গে তার পূর্বে কোনো ব্যক্তিগত, রাজনৈতিক বা আর্থিক বিরোধ ছিল না। তবুও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে হেয়প্রতিপন্ন ও আতঙ্কিত করার চেষ্টা করা হয়েছে।
ঘটনার পর এলাকায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
লিখিত অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
এব্যাপারে অভিযুক্ত আতাউল্লাহ বোখারী’র মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সাড়া না দেয়ায় বক্তব্য জানা সম্ভব হয়নি।